মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানাসংলগ্ন ডাংমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয় বলে জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার এম মামুনুর রহমান।
অভিযানের সময় হরিণ শিকারিরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার এম মামুনুর রহমান।
