৩ মামলার সাজাপ্রাপ্ত ও ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৫

লালমনিরহাটের আদিতমারীতে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার শাহীন (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুস সাত্তার শাহীন উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভেটেশ্বর কুমড়িরহাট গ্রামের আবু তাহেরের ছেলে। বুধবার (৯ ফেব্রুয়ারি) আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, আব্দুর সাত্তার শাহীন গাজীপুরে অনুমোদন বিহীন গ্রামো ফার্মাসিটিক্যালস গ্রামো ফিড লিমিটেড, প্রিমিয়াম ফিড লিমিটেড নামে বিভিন্ন কোম্পানি খুলে দেশের বিভিন্ন জায়গার লোকজনের মালামাল ও অর্থ গ্রহণ করে কোটি কোটি টাকা প্রতারণা করে আসছিলো। 

২০২১ সালের ৯ মার্চ র‍্যাব, ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে গাজীপুরে অনুমোদন বিহীন ওষুধ কোম্পানিতে অভিযান করে বিপুল পরিমাণ অবৈধ এনার্জি ড্রিঙ্ক সিরাপ ও ক্যাপসুল ধ্বংস করে এবং কারখানা সিলগালা করে দেন। পাশাপাশি ওই কোম্পানির মহাব্যবস্থাপক কবির আহমেদ ও হিসাব রক্ষক শিব্বির আহমেদকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, দিনাজপুর জজ কোর্টের দায়রা নং-২২৫৮/১৮ মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮,৪৭,০০০/-টাকা অর্থদণ্ড এবং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নোয়াখালী সিআর নং-৩২৬/০৯ মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড সহ ২,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সিআর- ২৮/১৬ (আশুগঞ্জ), সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, ঢাকা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার বিজ্ঞ আদালতে পেনাল কোড-১৮৬০ এর ৪০৮ ধারা তথা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎসহ দি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ ধারায় চেক ডিজঅনারের ১৯(উনিশ) টি মামলায় গ্রেফতারী পরোয়ানা সমূহ ইস্যু করা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, শাহীন দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি