দীর্ঘদিনেও ময়লা-আবর্জনার আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হয়নি চুনারুঘাট পৌরসভায়। প্রথম শ্রেণির এই পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় শহরের পাশেই মরা খোয়াই নদীর দুই পাড়ে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। এতে তৈরি হচ্ছে ময়লার ভাগাড়। আবার ময়লার ভাগাড়ে আগুন দেওয়ায় ধোঁয়ায় আশপাশের মানুষের সমস্যা হচ্ছে।
স্থানীয়রা জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডিসিপি হাই স্কুলসংলগ্ন নদীর পাড়ে ও মুক্তিযোদ্ধা ভবনসংলগ্ন মরা খোয়াই নদীর ওপর ব্রিজের দুই পাড়ের সড়কে ময়লা-আর্বজনা ফেলছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। তারা গভীর রাতে পৌরসভার গাড়ি দিয়ে ময়লা ফেলছে। প্রতিদিন এ সড়ক দিয়ে উপজেলার চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পৌর শহরে যাতায়াত করেন। কয়েক শ যানবাহন চলে এ সড়ক দিয়ে। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই মরা খোয়াই নদীর পাশে ময়লা ফেলা হচ্ছে। পৌরসভার ময়লায় নদী ভরাট হচ্ছে। ফলে সড়ক দিয়ে চলাচলকারীদের নাক ঢেকে স্থান অতিক্রম করতে হচ্ছে।
পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল বলেন, পৌরসভার ময়লা এখানে ফেলা হয় না। কারা ফেলছে ধরিয়ে দিলে ব্যবস্থা নেব। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ইত্তেফাককে বলেন, এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্হা নেওয়ার জন্য মেয়রকে বলব।

