পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া সড়কের চার কিলোমিটার অংশ খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাইকগাছা উপজেলা সদর থেকে সোলাদানা ইউনিয়নের মধ্য দিয়ে খুলনা ও দাকোপ উপজেলায় যাতায়াতের একমাত্র এ সড়কটি এখন বেহাল। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় নসিমনচালক মিজানুর রহমান জানান, আমি এই পথে দীর্ঘদিন ধরে নসিমন চালাই। কিন্তু সড়কটির চার কিলোমিটার পথ জুড়ে খানাখন্দ থাকায় এ পথ দিয়ে যানবাহন চালানো কষ্টকর হয়ে পড়েছে।
সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার জানান, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত মোটরসাইকেল, নসিমন, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। সড়কটি নষ্ট হওয়ায় যানবাহন প্রায় সময়ই নষ্ট হয়ে পথে পড়ে থাকতে দেখা যায়।
এলজিইডির উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ইতিপূর্বে সড়কটি আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের অধীনে ছিল। কিন্তু এখন সড়কটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে।
এ বিষয়ে খুলনা সওজ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী জানান, গত বছর জানুয়ারি মাসে সোলাদানা ইউনিয়নে সড়কের কিছু কাজ করা হয়েছে।
