অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। আত্মসমর্পণের পর তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হাজী সেলিমের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগ থেকে হাজী মো. সেলিমের যে রায় প্রকাশ হয়েছে, তাতে এক মাসের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আমরা তার (হাজী সেলিম) সঙ্গে কথা বলেছি। এখন হাইকোর্টের আদেশ অনুযায়ী এক মাসের মধ্যেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আমরা আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করবো।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৬ পৃষ্ঠার প্রকাশ করা হয়। এখন এ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
গত ২০২১ সালের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে ১০ বছরের দণ্ড বহাল থাকলেও তিন বছরের দণ্ড থেকে খালাস পান হাজী সেলিম।
