বৈদেশিক নির্ভরতা কমে আসছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪২

বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। অনেক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজেদের টাকায় পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আশার কথা অঙ্কের হিসেবে বৈদেশিক নির্ভরতা কমছে।’

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিদ্ধেশ্বরী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অধিবেশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করলে সঠিকভাবে করতে হবে বলে পরিকল্পনামন্ত্রী বলেন, যাদের সঙ্গে আমি কাজ করি তারাও মনে করেন সমালোচনা করা সঠিক। সমালোচনা শুনে আমরা লাভবান হই, কিছু শিখতে পারি। সমালোচনাকে সব সময় সাধুবাদ জানাই। তবে সেটা সঠিক হতে হবে।

দেশে বিদ্যুতের উন্নয়ন চিত্র তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ আলোচিত বিষয়। কিছু ঘাটতি রয়েছে, রামপাল-কয়লা নিয়ে সমালোচনা হয়। তবে সব সমালোচনা পেছনে ফেলে ১৮ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। বিদ্যুতের ঝলকে সমালোচনার ঘাটতি আড়ালে পড়ে গেছে। দুর্দশাগ্রস্ত ৯৮ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। এটা কম সফলতা নয়।’

বেসরকারি খাতের চাপে আছে সরকার এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘অর্থনীতির ৮৫ ভাগ বেসরকারির হাতে আছে। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সরকারকে। ফলে অনেক কিছু পেছনে পড়ে যায়। সরকার চাইলেই একার পক্ষে সব কিছু সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয়।’

এসময় আরও বক্তব্য দেন- অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বাপার সাধারণ সম্পাদক শরিপ জামিল।

ইত্তেফাক/এসজেড