নিজেদের আমুদে চরিত্রের জন্য বিশেষ খ্যাতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ক্রিকেটটা তারা খেলেন আনন্দের জন্য। নিজেরা যেমন আনন্দ পান, তেমনই দর্শকদেরও মজা দিতে ভালোবাসেন। তাইতো ক্যারিবীয়ানদের কদর পৃথিবীজুড়ে।
এবার সেই আনন্দে নতুন মাত্রা যোগ করলেন দেশটির সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি হারানো বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ডের। ছবির উপরে লেখা, ‘মিসিং। আর নিচে লেখা, বয়স: ৩৪, উচ্চতা: ১.৮৫ মি, সর্বশেষ দেখা গিয়েছে: চাহালের (ভারতীয় স্পিনার যুযবেন্দু চাহাল) পকেটে, যদি খুঁজে পান দয়া করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগাযোগ করুন।’
অবশ্য এতেই বন্ধুকে নিয়ে মজা করতে ছাড়েননি ব্রাভো। আবার ক্যাপশনে আলাদাভাবে লিখেছেন, ‘এটি সত্যিই খুব খারাপ দিন! আমার প্রিয় বন্ধু কাইরন পোলার্ড হারিয়ে গেছে। যদি আপনারা কেউ তার সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে দয়া করে আমাকে ইনবক্স করুন অথবা পুলিশকে জানান!’ সঙ্গে হা হা হা ইমুজি জুড়ে দেন ব্রাভো।
ভারতের বিপক্ষে চলমান প্রথম ওয়ানডেতে চাহালের বলে শূন্যরানে আউট হয়েছিলেন পোলার্ড। এরপর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ছিলেন না, আজ তৃতীয় ওয়ানডেতেও নেই। এ কারণেই হয়তো বিষয়টি নিয়ে মজা করেছেন ডোয়াইন ব্রাভো।
