স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সুশাসন ও ন্যায় বিচারের বদলে দুঃশাসন নয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শেখ হাসিনা সরকারের সুফল যাতে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করতে চেয়ারম্যান-মেম্বারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ জন্মভূমি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে যারা চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছেন তারা এলাকায় আইনের শাসন কায়েম করবেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সততার সহিত দায়িত্ব পালন করবেন। লোভ লালসার ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নের জন্য জীবন বাজি রেখে নিরলস-ভাবে কাজ করে যেতে হবে। সকল প্রকার দুঃশাসনের অবসান ঘটাতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজি মো. আব্দুর রহিম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম ধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় নেতৃবৃন্দ।
