পেটে কাঁচি ঢুকিয়ে শিশুসন্তানকে হত্যা করলো বাবা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩

ঠাকুরগাঁওয়ে পেটে কাঁচি ঢুকিয়ে নিজের শিশুসন্তানকে নির্মমভাবে হত্যা করেছে জাকির হোসেন নামে এক পাষণ্ড বাবা। নিহত জান্নাতুল ফেরদৌসের বয়স আড়াই বছর। এ ঘটনায় বাবা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সদর থানার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, চার বছর আগে বিয়ে হয় কৃষক জাকিরের। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল ফেরদৌস নামের এক কন্যাসন্তান। কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জাকির হোসেন নিজের মেয়ের পেটে কাঁচি ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে। হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে জাকির। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

ইত্তেফাক/এমআর