দেশের ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি) সংক্রান্ত সার্চ কমিটি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। আজকে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির আরও দুটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন সার্চ কমিটির হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র এডভোকেট মনসুরুল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাবেক এটর্নি জেনারেল ফিদা এম কামাল।
ইসি যোগ্য প্রার্থী বাছাইয়ে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নাম দেয়ার অনুরোধ করেছিল ইসি গঠন সংক্রান্ত সার্চ (অনুসন্ধান) কমিটি।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
