বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাল জালিয়াতির মাধ্যমে আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেলের বিজয় হাসিল করার প্রতিবাদে ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায ৭টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিট এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সভাপতি অ্যাড. মো. মহসিন মন্টু সভাপতি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন সু- কৌশলে ভোটারদের হাতে ব্যালট পেপার দেওয়ার পূর্বে ব্যালটে ক্রোস চিহ্ন বা টিক চিহ্ন দিয়ে ব্যালটটি বাক্সে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমরা ভোট গ্রহণের স্থান পরিবর্তনের দরখাস্ত দিলে নির্বাচন কমিশনার আমাদের ভোট গ্রহণের স্থান পরিবর্তনের ওয়াদা করে, প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের স্থানে ভোট গ্রহণের ব্যবস্থা করে জাল জালিয়াতির কর্ম সহজ করে দেয়। তিনি আরও বলেন, ভোট গ্রহণ চলাকালীন জাল জালিয়াতির একটি ব্যালট হাতে নাতে ধরিয়ে দেওয়ার পর আমাদের আপত্তির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ঐ ব্যালটটি জব্দ করার নাটক করে তাৎক্ষনিক ভাবে ব্যালটটি বাতিল করে পুনরায় ব্যালট পেপার সরবরাহ করা জাল জালিয়াতির একটি দৃষ্টান্ত স্থাপন করে।
এছাড়াও ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে আওয়ামী আইনজীবীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে তাদের হাত থেকে ব্যালট পেপার জোর করে নিয়ে যায় এবং তাদের প্রার্থীর পক্ষে ক্রোস চিহ্ন বা টিক চিহ্ন দিয়ে তাদের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাল জালিয়াতি,ব্যালট কারচুপি ও ভোটের স্থান পরিবর্তন না করা সহ ৬ টি অভিযোগ করে নির্বাচন বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী এসএম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদসহ বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃবৃন্দ।
এসব বিষয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন বলেন, কাল সারাদিন নির্বাচন করেছে। আজ সকালে গিয়ে ফলাফল এর কাগজে সই দিয়েছে তারা। সব কিছু মেনে নিয়ে আজ আবার বর্জন করে সংবাদ সম্মেলন করেছে। এসব কথাবার্তা ভিত্তিহীন। বর্জন করতে হলে নির্বাচনের মধ্যে করতো। এখন এসব বর্জন ভিত্তিহীন।
