রান্নার সঙ্গে থাকুক ভালোবাসা 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৪

ভালোবাসার বিশেষ দিনে প্রিয়জনকে কত কিছুই তো উপহার দেওয়া হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন উপহারটা ‘সুস্বাদু’ও হতে পারে। এবারের আয়োজনে ফাল্গুন ও ভালোবাসার দিনে প্রিয়জনকে উপহার দিতে পারেন এমন তিনটি রেসিপি দিয়েছেন রন্ধন বিশেষজ্ঞ তাসনিয়া রহমান সৃষ্টি  

দারুণ স্বাদের ‘প্রণ লেমন প্লাটার’ রান্না করে খাওয়াতে পারেন প্রিয়জনকে

প্রণ লেমন প্লাটার

প্রয়োজনীয় উপকরণ

  • লাইম রাইস তৈরি করতে 
  • সিদ্ধ করা বাসমতি চাল ২ কাপ
  • রসুন কুঁচি ১ টেবিল চামচ
  • আদা কুঁচি ১ টেবিল চামচ
  • সুইট কর্ন  ৩ টেবিল চামচ
  • গ্রিন পিস ৩ টেবিল চা চামচ
  • বাটার ১ টেবিল চামচ
  • তেল ৩ টেবিল চামচ
  • লেবু পাতা কুঁচি ২/৩টি
  • লেবুর রস ১ চা চামচ
  • ফিস সস ১ চা চামচ
  • মধু ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  • লাল সবুজ কাঁচা মরিচ ২/৩টি
  • লেটুস পাতা সাজাবার জন্য
  • লেবু ১টি
  • লবন স্বাদমতো। 

 

প্রণ ফ্রাই করতে 

  • গলদা চিংড়ি ৬/৭টি 
  • লেবুর রস ১চা চামচ
  • রসুন কুঁচি ১ টেবিল চামচ
  • আদা কুঁচি ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১চা চামচ
  • সয়া সস ১চা চামচ
  • মধু ১ চা চামচ 
  • বাটার ১ চা চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • ধনে পাতা কুঁচি ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ পাতা কুঁচি ৩ টেবিল চামচ
  • লবন স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালী
প্রথমে চিংড়ি মাছের সঙ্গে সব উপকরণ মেখে রেখে দিতে হবে। পাত্রে বাটার ও তেল গরম করে রসুন হালকা নেড়ে সিদ্ধ চাল ও বাকি উপকরণ দিয়ে মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।এবার তেল ও বাটার গরম করে চিংড়ি মাছ ভেজে নিন। পরিবেশন পাত্রে রাইস ও প্রণ দিয়ে উপরে লেমন রাইন্ড ছিটিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ‘প্রণ লেমন প্লাটার’। 

ঝটপট তৈরি করা যায় মজাদার ‘ফ্যান্টাসি রাইস’

ফ্যান্টাসি রাইস

প্রয়োজনীয় উপকরণ 

  • পোলাও চাল সিদ্ধ করা ১/২ কেজি 
  • সসেজ ১/২ কাপ 
  • চিংড়ি মাছ ১/২ কাপ 
  • বাটার ৩ টেবিল চামচ 
  • রসুন কুঁচি ১ টেবিল চামচ 
  • পাঁচমিশালি সবজি (গাজর, বরবটি, ক্যাপসিকাম) কিমা ১ কাপ 
  • সুইট কর্ন ৩ টেবিল চামচ 
  • পেঁয়াজ কিউব করে কাটা ৩ টেবিল চামচ 
  • গোলমরিচের গুঁড়া ২ চা চামচ 
  • সয়া সস ১ টেবিল চামচ 
  • তেল ৩ টেবিল চামচ 
  • চিলি সস  ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ফালি ৫/৬টি
  • মোজেরেলো চিজ ৩ টেবিল চামচ 
  • লবন ও চিনি স্বাদমতো 
  • কালো জলপাই ৪/৫টি 

 

প্রস্তুত প্রণালী
প্রথমে পাত্রে বাটার ও তেল গরম করে রসুন ও পেঁয়াজ ভেজে নিন। এরপর চিংড়ি ও সসেজ দিয়ে কিছুক্ষন ভেজে সবজি, সস ও সিদ্ধ করা পোলাও চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কাঁচা মরিচ দিয়ে রাইস ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ‘ফ্যান্টাসি রাইস’। 

ভালোবাসা ও ফাল্গুনের বিশেষ দিনগুলোতে পছন্দের মানুষটিকে রান্না করে খাওয়াতে পারেন ‘সরিষার তেলে খাসির মাংসের তেহারি’

সরিষার তেলে খাসির মাংসের তেহারি

প্রয়োজনীয় উপকরণ 

খাসির মাংশ মাখাতে:

  • খাসির মাংস (ছোট টুকরা করে কাটা) ১ কেজি
  • টক দই ১/৪ কাপ
  • কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • ধনে বাটা ১ চা চামচ
  • পোস্ত ও বাদাম বাটা ১ চা চামচ
  • সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • চিনি ১ চা চামচ
  • গরম মশলা বাটা (বড় এলাচ ১টি, ছোট এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরা ,তেজপাতা ২টি, জয়ফল ও জৈত্রী সামান্য, লবঙ্গ ৩/৪টি এক সঙ্গে বাটা)
  • গোলমরিচ বাটা ১ চা চামচ
  • গুড়া দুধ ১ টেবিল চামচ 
  • লবন স্বাদমতো।

* মাংসের সাথে সমস্ত উপকরণ মেখে রাখতে হবে। 

মাংস রান্না করতে

  • সরিষার তেল ১/২ কাপ
  • ফেঁয়াজ কুঁচি ১ কাপ
  • কাঁচা মরিচ ১০/১২টি
  • পোলাও রান্না করতে
  • বাসমতি  চাল ১ কেজি
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ১০/১২টি
  • সরিষার তেল ৩ টেবিল চামচ
  • ঘি ১ টেবিল চামচ
  • গুঁড়া দুধ ১/৪ কাপ
  • দারুচিনি ২ টুকরা
  • বড় এলাচ ১টি
  • এলাচ ৩টি
  • তেজপাতা ২টি।
  • চিনি ও লবন স্বাদমতো 

 

প্রস্তুত প্রণালী
কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মেখে রাখা খাসির মাংস দিয়ে কষিয়ে পরিমান মতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হলে কাঁচা মরিচ ও গুড়া দুধ ছিটিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস রান্না হলে তরকারি থেকে মাংস তুলে একটি পাত্রে রাখুন। এবার ৭ কাপ পানি ও গরম মসলা দিয়ে নেড়ে পানি ফুটিয়ে নেবেন। তারপর  চাল, লেবুর রস, গুঁড়া দুধ, চিনি ও লবণ দিয়ে নেড়ে ঢাকনা ঢেকে দিন। ফুটে উঠলে মৃদু আঁচে ২০মিনিট জ্বালে রাখবেন। পোলাও রান্না হলে কিছু পোলাও উঠিয়ে মাংস ও কাঁচা মরিচ দিয়ে দিন। একই ভাবে আরও দুই বার লেয়ার দিয়ে দুধ দিয়ে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘সরিষার তেলে খাসির মাংসের তেহারি’। 

 

 

ইত্তেফাক/আরএম