টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী খনন প্রকল্পের কাজ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের জোকারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিহাতী থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সুলতান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ-নুরুল ইসলামের বালুর ঘাটে হামলা চালায়। পরে মাসুদ গ্রুপের লোকেরা পাল্টা হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে একপক্ষ অপর পক্ষের বসতবাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুই গ্রুপের ১০ জনকে আটক করে থানায় নিয়ে যান।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বালুর ঘাট দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
