৪০তম বিসিএসে পদ বাড়ানোর দাবি জানিয়েছেন ভাইভায় অংশ নেওয়া প্রার্থীরা। তারা বলছেন, ২০১৮ সালে এ বিসিএসের বিজ্ঞপ্তি জারির পরে জনপ্রশাসনের অনেক পদ শূন্য হয়েছে।
যদিও পিএসসি বলছে, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী মার্চ মাসের মধ্যে দেওয়া হতে পারে। এর আগেই পদ বৃদ্ধির দাবি পরীক্ষার্থীদের।
জানা গেছে, ২০১৮ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত ৪০তম বিসিএসটি হতে যাচ্ছে পিএসসির দীর্ঘতম বিসিএসের একটি। করোনা পরিস্থিতিজনিত কারণে কয়েক দফা ৪০তম বিসিএস'র ভাইভা স্থগিত হয়। তবে খুব শিগগিরই এই বিসিএসের ভাইভা শেষ হবে এবং মেধাবীরা তাদের মেধার চূড়ান্ত ফলাফল পাবে। কারণ কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা উন্নতির পথে এবং বিশেষজ্ঞদের ভাষ্যমতে বাংলাদেশ করোনার তৃতীয় ঢেউয়ের চূড়ান্ত পর্যায় অতিক্রম করছে। করোনা মহামারি এবং দুটি বিশেষ বিসিএস (৩৯ ও ৪২) অনুষ্ঠিত হওয়ায় ২০২০ সালের ৩০ জুনের পরে আর কোন সাধারণ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। দীর্ঘ প্রায় ১বছর ৮মাস নতুন নিয়োগ না হওয়ায় মাঠ পর্যায়ের সাধারণ ক্যাডার পদে কিছুটা শূন্যতা ও চাপ তৈরি হয়েছে। কেননা দীর্ঘ এই সময়ে আরও অনেক পদ ফাঁকা হয়েছে। তাই এ শূন্যতা পূরণে ৪০ তম বিসিএস হতে পারে একটি উত্তম বিকল্প। উল্লেখ্য ৩৬তম বিসিএসে ৪২৭টি এবং ৩৮ তম বিসিএসে ২৪০টি পদ বেড়েছিল।
