বিশেষ দিবসকে ঘিরে শিল্পী-নির্মাতাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। তারপরও দর্শকদেরকে নতুন ও ভালো কাজ উপহার দেওয়ার লক্ষ্যে প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করে থাকেন। এবার ভালোবাসা দিবসে ৪টি নাটক নিয়ে হাজির হচ্ছেন ‘হাউজ নং ৯৬’-খ্যাত নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
শুক্রবার রাত ৮ টায় আরটিভিতে প্রচার হতে যাচ্ছে ‘পার্টনারশীপ আনলিমিটেড’। রোমান্টিক-কমেডি ধাঁচের এ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আরটিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি।
আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ৯ টায় বাংলাভিশনে প্রচারিত হবে ‘পার্থক্য’। পিওর রোমান্টিক গল্পের এ নাটকে অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব প্রমুখ। একই দিন রাত সাড়ে দশটায় বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
রমকম গল্পে ‘প্রেমরোগ’ নাটক প্রচারিত হবে ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায়, বাংলাভিশন চ্যানেলে। ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ অভিনীত এ নাটকটি একইদিন রাত সাড়ে ১০ টায় ইউটিউবে অবমুক্ত হবে।
ক্যাম্পাস লাভস্টোরির গল্পে ফারহান আহমেদ জোভান ও সাফা কবির অভিনীত ‘ইয়ার মেট’ প্রচারিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮ টায়, আরটিভিতে এবং একইদিনে বঙ্গ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
মাহমুদুর রহমান হিমি বলেন, ‘বিশেষ দিবসগুলোকে ঘিরে কাজও অনেক বেশি হয়, যার কারণে আমাদের ব্যস্ততাও বেশি থাকে। এবার আমার আরও বেশকিছু কাজ আসার কথা ছিলো কিন্ত কিছু অনাকাঙ্ক্ষিত কারণে সেগুলো আর আসছে না এখন। চারটি কাজই প্রচারে আসছে। কাজ কম হলেও প্রতিটা নাটকেই চেষ্টা করেছি নতুনত্ব রাখার, দর্শকরা যেন ভালোবাসার অনুভূতিগুলো নতুন করে খুঁজে পায়। চারটা নাটকের গল্প চার রকমের, প্রতিটা গল্পেই দর্শক নতুন এবং ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি, কেউ হতাশ হবে না। দেখার পর কাজগুলো কেমন লেগেছে, দর্শকের কাছ থেকে সেগুলো জানার অপেক্ষায় রইলাম।’

নতুন উদ্যোগে শাবনাজ-নাঈম