বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়া এলাকায় পিকনিকের একটি অনুষ্ঠানে তুহিন বাবু ওরফে কুইন (২৫) নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১১ টার দিকে শহরের নিশিন্দারা খাঁ-পাড়া ইউক্যালিপটাস বাগানে ঘটনাটি ঘটে। বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, নিহত কুইনের মামা মোহাম্মাদ রহিম (২৮) ও ওই এলাকার স্থানীয় বাসিন্দা ঝন্টু (২৫)। তারা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত তুহিন ওই এলাকার শহিদুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান,, মহল্লার একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১০-১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। তারা কুইনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু (২৫) ও রহিম (২৮) নামের আরও দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
