র্দীঘ ২৮ দিন পর নিজ কার্যালয়ে অফিস করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। গতকাল রবিবার সকালে অফিসের নির্ধারিত সময়ে ভিসি তার কার্যালয়ে আসেন নিশ্চিত করে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, সকালেই ভিসি তার কার্যালয়ে আসেন এবং অফিসের নির্ধারিত কাজ করেন। এছাড়া সন্ধ্যায় ভিসির উপস্থিতিতে অনুষ্ঠিত এক সিন্ডিকেট বৈঠকে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এদিকে সোমবার পহেলা ফাল্গুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষির্কী। ১৯৯১ সালের এই দিন থেকে ক্লাস শুরু হয় বিশ্ববিদ্যালয়টিতে। প্রতি বছরই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদ্যাপন করা হয়। গত শুক্রবার শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে মিটিংয়ের সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আগের মতো জৌলুসপূর্ণ উদ্যাপনের আহ্বান জানান। তাছাড়া আচার্য রাষ্ট্রপতি ভিসি অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পালনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সব প্রস্ত্ততি নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। তিনি বলেন, আগের বছরের মতোই সব ধরনের কার্যক্রম থাকবে। এর মধ্যে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা প্রভৃতি বিষয়গুলো থাকবে।
গত ১৬ জানুয়ারি প্রভোস্ট পদত্যাগের আন্দোলন চলাকালে অবরুদ্ধ ভিসিকে মুক্ত করতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করলে শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের আন্দোলন শুরু করেন। দীর্ঘ ২৭ দিন আন্দোলন চলার পর শিক্ষার্থীরা শনিবার রাতে আন্দোলন প্রত্যাহার করে নেন। আন্দোলনের অন্যতম মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, শিক্ষামন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রেখে আপাতত আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের বিষয়ে তারা আচার্যের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।
এদিকে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব হলসমূহ খুলে দেওয়া হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশকুল হোসেন গতকাল দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন।
