নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশে বাংলালিংকের টাওয়ারের নিচ থেকে ৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই স্থানে হাতবোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. জোবায়ের হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হাতবোমা গুলো বিকেল পর্যন্ত ঘিরে রাখে। বিকেল ৩টায় ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
ওসি (তদন্ত) আরও জানান, ধারণা করা হচ্ছে দূষ্কৃতকারীরা কোন বড় ধরণের অপরাধ সংঘটিত করার জন্য হাতবোমাগুলো এখানে জড়ো করে রাখতে পারে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, কে বা কারা এই বোমা গুলো এখানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে।
