রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার দায়ী, সমাধানও মিয়ানমার থেকেই আসতে হবে উল্লেখ করে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, মিয়ানমারের আভ্যন্তরীণ অস্থিরতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। আরাকানে চলমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া অনিরাপদ।
শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে হোটেল সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ফিলিপ্পো গ্রান্ডি। তিনি সকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনোকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে যৌথ আলোচনায় মানবাধিকার নিয়েই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে জাতিসংঘ। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রাণান্ত সহযোগিতা কামনা করেন তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি আরও বলেন, প্রায় এক মিলিয়নের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে স্থানীয়রা সব দিক দিয়ে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন। স্থানীয়দের আবাসন ও চাষের জমি, বন, পাহাড় ও পরিবেশের চরম ক্ষতি হয়েছে। রোহিঙ্গারা ঝুপড়িতে থাকতে গিয়ে যেমন কষ্টে আছে, তেমনি তাদের কারণে স্থানীয়রাও দুর্ভোগে রয়েছে।
তিনি আরও বলেন, এতসব কষ্ট ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকার ও স্থানীয়দের মানবিকতার নজির বিশ্বময় প্রশংসিত হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ ও এদেশের উদার মানবতার সঙ্গে আমরাও একাত্মতা ঘোষণা করছি।
আন্তর্জাতিক তিন সংস্থার প্রধান রোহিঙ্গা ইস্যুতে আরও বলেন, মিয়ানমার তাদের আদি গোষ্ঠী রোহিঙ্গার উপর যে নিপীড়ন চালিয়েছে তা অমানবিক। সভ্য যুগে এটি কল্পনাও করা যায় না। আমরা এর নিন্দা জানাই।
ইত্তেফাক/জেডএইচ
