তুরঙ্গমী টিম নিয়ে ফিলিপাইনে পূজা সেনগুপ্ত
বিনোদন রিপোর্ট
নিজের নির্দেশনায় ‘তুরঙ্গমী’ নিয়ে দেশ-বিদেশে এর প্রদর্শনী করছেন দেশের গুণী নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
আবারো আয়োজন করা হয়েছে বিশ্বসেরা নাচিয়েদের বৃহত্তম আসর ড্যান্স এক্সচেঞ্জ। ফিলিপাইনে আয়োজিত আন্তর্জাতিক এই নৃত্য উত্সবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের তুরঙ্গমী।
তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত জানান, ফিলিপাইন সরকারের পক্ষ থেকে তুরঙ্গমীকে দেওয়া সরাসরি আমন্ত্রণপত্রে জানানো হয়, ফিলিপাইনের রাষ্ট্রপতির আদেশক্রমে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারো এপ্রিলের শেষ সপ্তাহটিকে ফিলিপাইনে ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। উত্সবের প্রতিপাদ্য বিষয় ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ।’
গতকাল থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী উত্সবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধামাইল নাচের ওপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। এছাড়া একাধিক মূলধারার অনুষ্ঠানে অংশ নেবে তুরঙ্গমীর শিল্পীরা।
