ময়মনসিংহ অঞ্চলের একুশে পদকপ্রাপ্ত দুই কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান ও ভাষা সংগ্রামী মোস্তফা এমএ মতিনের (মরণোত্তর) সম্মানে পদযাত্রা শুরু করেছেন ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল।
দীর্ঘ পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসেন তিনি।
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, 'মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জনই আমাদের জাতীয় জীবনের বড় ঘটনা। তাদের সম্মানে যেকোন কর্মসূচি নজরুল বিশ্ববিদ্যালয় সবসময় সমর্থন করে। বিমল পালের এই পদযাত্রার সঙ্গে আমরা আন্তরিকভাবে একাত্মতা জানাই।'
বীর মুক্তিযোদ্ধা বিমল পাল স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা শুরু করেন। তিনি এখনো পদযাত্রা অব্যাহত রেখেছেন।
