অনুদানের ছবি চূড়ান্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২০:৩০

বিনোদন রিপোর্ট

 

প্রতিবছরই দেশের একাধিক নির্মাতা সরকারি অনুদানের চলচ্চিত্রের জন্য গল্প জমা দেন। নির্মাতাদের জন্য সরকারি অনুদান সবসময়ই সৃজনশীলতাকে প্রকাশে একধাপ সাহস দিয়ে থাকে। এবার ঘোষিত হয়েছে ২০১৮-২০১৯ অর্থবছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকা। গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, চলচ্চিত্র বিভাগে চলতি বছরে ৮ জনকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে। এই ছবিগুলোর নির্মাতার তালিকায় আছে জনপ্রিয় নায়িকা সারাহ বেগম কবরীর নাম। ‘এই তুমি সেই তুমি’ নামের চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন তিনি। অনুদান প্রাপ্ত অন্যান্য নির্মাতা ও ছবি হলো মীর সাব্বির ‘রাত জাগা ফুল’, আকরাম খান ‘বিধবাদের কথা’, কাজী মাসুদ ও হোসেন মোবারক রুমী ‘অন্ত্যেস্টিক্রিয়া’ এবং লাকী ইনাম ও হূদি হক ‘১৯৭১ সেইসব দিন’।

একটি পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রের জন্যও অনুদান দেওয়া হয়েছে। ‘নসু ডাকাত কুপোকাত’ নামের এই চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন আবু রায়হান মো. জুয়েল।

এছাড়া অনুদান পেয়েছে দুটি প্রামাণ্যচিত্র। ‘বিলকিস এবং বিলকিস’ ও ‘মেলাঘর’ নামের দুটি প্রামাণ্যচিত্রের জন্য অনুদান পেয়েছেন হুমায়রা বিলকিস ও পূরবী মতিন।

এরমধ্যে অনুদান হিসেবে ‘নসু ডাকাত কুপোকাত’, ‘বিধবাদের কথা’ ও ‘রাতজাগা ফুল’ প্রতিটি ছবি পাবে ৬০ লাখ টাকা। ‘১৯৭১ সেইসব দিন’, ‘অন্ত্যেস্টিক্রিয়া’ ও ‘এই তুমি সেই তুমি’ এই ৩টি ছবি পাচ্ছে ৫০ লাখ টাকা করে। আর প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হচ্ছে ৩০ লাখ টাকা করে। প্রসঙ্গত, ৪টি ছবিকে আড়াই লাখ টাকা অনুদান দিয়ে ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রথা চালু হয়। এরপর থেকে প্রতিবছরই সরকারি অনুদানে সিনেমা নির্মিত হয়েছে। গতবছর সরকারি অনুদানে নির্মিত জয়া আহসানের দেবী এদেশের চলচ্চিত্রের ইতিহাসে দারুণ এক সাফল্যের দৃষ্টান্ত হিসেবে ধরা দেয়। চলচ্চিত্রের এই মন্দাক্রান্ত সময়ে নির্মাতাদের একাধিক বিষয়নির্ভর ছবিতে উত্সাহী করা চলচ্চিত্র শিল্পের জন্য দারুণ ইতিবাচক একটি দিক বলে নির্মাতারা মন্তব্য করেন।