পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমেরিকার সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে কোনো ফল হয়নি, বরং বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের আরও বিস্তার ঘটেছে।
বহু বছর ধরে আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তান ছিল আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ওই যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ইমরান খান বলেন, ‘আমাদের জনগণ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন এবং তারা মনে করে, কাবুলের বর্তমান প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সহযোগিতার প্রয়োজন রয়েছে। কেননা, তালেবানের সঙ্গে বোঝাপড়া ছাড়া ভিন্ন কোনো পথ নেই। খবর পার্স টুডের।
প্রধানমন্ত্রী ইমরান খান তালেবানের প্রতি পাকিস্তানের সর্বাত্মক সাহাঘ্য-সমর্থনের কারণ উল্লেখ না করে বলেছেন, আজ হোক কাল হোক, আন্তর্জাতিক সমাজকে আফগানিস্তানের তালেবান শাসনকে স্বীকৃতি দিতে হবে। কেননা, এর সঙ্গে ৪ কোটি আফগান নাগরিকের ভবিষ্যত জড়িত রয়েছে।
বর্তমানে আফগানিস্তান ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে গত দুই দশকে মার্কিন সেনারা আফগানিস্তানে ব্যাপক তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালালেও সন্ত্রাসবাদ নিমূর্লে কোনো সাফল্য আসেনি। ইমরান খান বহুবার আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ইস্যুতে মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, হোয়াইট হাউজকে অবশই বাস্তবতা মেনে নেওয়া উচিত। তিনি তালেবান শাসনকে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মার্কিন কর্মকর্তারা বিষয়টি উপেক্ষা করতে পারেন না।
