বিপিএলের অষ্টম আসরের আগে সাকিব আল হাসান বলেছিলেন, এবার ফরচুন বরিশালের হয়ে ট্রফিটা জিততে চান। টুর্নামেন্ট মাঠে গড়াতেই দুর্দমনীয় রূপে ধরা দিয়েছেন সাকিব। ব্যাটে-বলে তার দাপটে চোখ কপালে উঠছে সবার। টানা পাঁচ ম্যাচ সেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। বোলিংটা সাকিবের সহজাত। তবে ব্যাটিংয়ে তার উন্নতি চোখে পড়ার মতো। দ্রুতলয়ে রান তুলছেন, বড় ছক্কা হাঁকাচ্ছেন।
বিগ হিটিংয়ে তার স্কিলের উন্নতি দৃশ্যমান। বিপিএলের এবারের আসরে ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন সাকিব। বোলিংয়ে ১৫ উইকেট নিয়েছেন। তার দল বরিশালও ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে।
বিপিএলের শুরু থেকেই ব্যাটিং নিয়ে ছেলেবেলার গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ করেছেন সাকিব। দেশের প্রখ্যাত এই কোচ বরিশালেরও ব্যাটিং কোচ। গতকাল ঐচ্ছিক অনুশীলনেও প্রিয় গুরুকে নিয়ে বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
অনুশীলনের পরে সাকিবের দুরন্ত ধারাবাহিকতার রহস্য জানিয়েছেন ফাহিম। প্রিয় ছাত্রের পাওয়ার হিটিংয়ের দক্ষতা সম্পর্কে বর্ষীয়ান এই কোচ বলেছেন, ‘ও (সাকিব) নিজে নিজে এটা করেছে। খুব কম সময়ের মধ্যে করেছে। এটা থেকে সরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। ওর নিয়মিত হওয়াটা জরুরি। অনুশীলন করা দরকার। ও যেহেতু টি-২০তে নিয়মিত বড় বড় ইনিংস খেলছে, প্র্যাকটিসটা মাঠেই হয়ে যাচ্ছে। ও যদি না করত, তাহলে এই মুহূর্তে এত বড় ইনিংস খেলতে পারত না। ওর ধারাবাহিকতার ওপর বেশি মনোযোগ। ও যাতে নিয়মিত স্ট্রাইক রেট ধরে রাখতে পারে।’
ফাহিমের মতে, খেলাটা এখন উপভোগ করছেন সাকিব, যা ধরে রাখতেও একনিষ্ঠ তিনি। এ কারণেই এমন পারফরম্যান্স।
বরিশালের ব্যাটিং কোচ গতকাল বলেন, ‘সাকিব মনে হয় সব সময় সিরিয়াস। আপনি যখন নিয়মিত পারফর্ম করতে পারবেন, সেটা আপনাকে দারুণভাবে মোটিভেট করে ইনভলভ থাকতে, চিন্তা করতে। ভালো খেলছে এবং খেলাটা খুব উপভোগ করছে। মাঠের ভেতরে ওর কর্মকাণ্ড দেখে বোঝা যায়। সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। ওর আনন্দটা ওকে আরো ওপরে ওঠাচ্ছে।’
