রাজধানীর বিমানবন্দরের গোলচত্বরে গাড়িচাপায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত দুজন হলেন কাজল রেখা (৩৫) ও রফিকুল ইসলাম (৪০)।
পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
