এএফপি
আফগানিস্তানে যুদ্ধ অবসানের লক্ষ্যে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, এর মাধ্যমে ওয়াশিংটন জঙ্গিদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, ইরানও তালেবানের সঙ্গে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র এ উগ্রপন্থি গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি করতে যাচ্ছে তা ‘অত্যন্ত ভুল’। জারিফ বলেন, সরকারসহ অন্য সকলকে দূরে ঠেলে দিয়ে কেবলমাত্র তালেবানের সঙ্গে আলোচনা করায় এই প্রচেষ্টায় কিছুই অর্জিত হয়নি। তালেবানের বিবৃতিতেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।’ জারিফ বলেন,‘আমিই প্রথম বলেছিলাম যে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবানকে দূরে বা বিচ্ছিন্ন রাখা যাবে না।’ তিনি নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে এসব কথা বলেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
