পুরুষরা কি ব্রেসলেট পরিধান করতে পারবেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২

ব্রেসলেট একটি অলংকার। এই অলংকার শুধু কেবল মহিলাদের জন্য জায়েজ। পুরুষের জন্য অলংকার পরা হারাম। (ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত ১১/৫০৫)। চাই সেটা হোক স্বর্ণের কিংবা রৌপ্যের। (সিলসিলা সহিহা হা/১৮৬৫/৩০৩০)

রসুল (স.) বলেন, যেসব নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। (সহিহুল জামে হা/৪৫৩৩) আরো একটি হাদিসে বলা হয়েছে, সেসব পুরুষকে রসুল (স.) লানত করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে লানত করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে। (আবু দাউদ :৪০৯৮, বুখারি :৫৮৮৫)

কৃত্রিমভাবে যেসব পুরুষ নারীর বেশ-ভুষা অবলম্বন করে অর্থাৎ যারা পোশাক-পরিচ্ছদ, কণ্ঠস্বর, কথা বলার ধরন, চলাফেরা, রূপসজ্জা ইত্যাদির দিক দিয়ে নারীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে তাদের প্রতি রসুল (স.) লানত করেছেন। এমনটি মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে সব মহিলা পোশাক-পরিচ্ছদ, চাল-চলন, চুলের স্টাইল, সাজসজ্জা, কথা বলা ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিমভাবে পুরুষের সাদৃশ্য ধারণ করে তাদের প্রতিও রসুল (স.) লানত করেছেন। এছাড়া কবিরা গুনাহের অন্যতম একটি হলো—বিপরীত লিঙ্গের আকৃতি ও বেশভূষা অবলম্বন করা।

লেখক: শিক্ষার্থী, মৌকারা দারুণ নেছা কামিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা

ইত্তেফাক/এমআর