অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে আমজাদ চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতেই তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হেফাজতে পাঠানো হয় এবং তিনি বর্তমানে সেখানেই আছেন।
দুদক সূত্র জানায়, আমজাদ চৌধুরী অর্থ আত্মসাতসহ ১৫ মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
দুদক জানায়, অর্থ আত্মসাতের এ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার ভাই আমজাদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও আসলামের স্ত্রী জামিলা নাজনিল মাওলাকে আসামি করা হয়।
এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদক ২০১৬ সালের ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা করে।
