‘ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামী লীগই সকল ষড়যন্ত্রের জবাব দেবে’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন  সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। তাই ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামীলীগই সকল ষড়যন্ত্রের জবাব দেবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবে না। কারণ, আওয়ামী লীগ শুধু বাংলাদেশই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দল। যে দলকে সংগঠিত করে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সুসংগঠিত করে চারবার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন।

চামটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব গাজী সুলতান আহমেদের সভাপতি ও এস.এম শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, সহ-সভাপতি আলী আহমেদ কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম প্রমুখ।

ইত্তেফাক/এমএএম