কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মেগা নিলাম। এতে প্রতিটি ফ্রাঞ্জাইজি নিজেদের মতো করে দল গুছিয়ে নিয়েছে। তবে দল নিয়ে সন্তুষ্ট হতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদের সহকারী কোচ সাইমন ক্যাটিচ। এর পরই চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, সাইমন ক্যাটিচের অসন্তুষ্ট হওয়ার কারণ, নিলামে তার পরিকল্পনাকে না কি গুরুত্ব দেওয়া হয়নি। তবে এ ব্যাপারে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কেবল তার চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।
সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটারকে নিয়ে আগে থেকেই সমস্যায় ছিল হায়দ্রাবাদ। শোনা গিয়েছিল, নিলামের আগে ডেভিড ওয়ার্নারকে ছেড়ে দেওয়াটা তার ভালো লাগেনি। আর গত সপ্তাহে মেগা নিলামে তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি দলটির কেনা কয়েকজন ক্রিকেটারকে নিয়ে তার আপত্তি রয়েছে। সবমিলিয়ে ফ্রাঞ্জাইজিটিতে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই কোচ। এ কারণেই চাকরি ছেড়ে দিয়েছেন সাইমন ক্যাটিচ।
তবে সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএল চলাকালীন সাইমান ক্যাটিচকে বায়োবাবলে আড়াই থেকে তিন মাস থাকতে হবে। তার কাছে মনে হচ্ছে এতদিন বায়োবাবলে থাকা কঠিন। ওর না কি পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। আমরা এসব বিবেচনা করেই তাকে দ্রুত ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছি। খুব শিগগির তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে।’
