আমিনুল ইসলাম হিরু, বগুড়া অফিস
সারিয়াকান্দির জোড়গাছা ব্রিজের অদূরে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্রিজ, ব্রিজ সংযোগ সড়ক, নদী ভাঙন রোধে এলজিইডির নির্মিত পাইলস ও কৃষি জমি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র বাঙ্গালী নদীতে ড্রেজার বসিয়ে প্রতিদিন বালু উত্তোলন করে ট্রাকযোগে নিয়ে বিক্রি করছে।
গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ট্রাকে বালু লোড করতে দেখা গেছে। ওই বালুভর্তি ট্রাক বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক জোড়গাছা গ্রামের কয়েক জন কৃষক জানান, যত্রতত্র বালু উত্তোলন করায় আমাদের ফসলি জমি ধসে যাচ্ছে। বালুখেকোরা প্রভাবশালী। তাই আমরা প্রতিবাদ করার সাহস পাই না। প্রতিবাদ করলে আমাদের হুমকি ও ভয়-ভীতি দেখানো হয়।
ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা অনেক শক্তিশালী। তাদের হাত অনেক লম্বা। ইতিপূর্বে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। রহস্যজনক কারণে আবার বালু তোলা শুরু হয়েছে। তিনি বলেন, বালু তোলা বন্ধ হলে ব্রিজ-কালভার্ট, সড়ক, আবাদি জমি রক্ষা পাবে।
ভেলাবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল হান্নান জানান, এ ব্যাপারে স্যারেরা অবগত আছেন। ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। কিন্তু সাইডে গিয়ে কাউকে পাওয়া যায় না। সবাই পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ জানান, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, ইতিপূর্বে জোড়গাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছিল। আমরা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছি।
জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বলেন, এ ব্যাপারে সারিয়াকান্দির ইউএনওকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হচ্ছে।
