সেনাপ্রধান দক্ষিণ সুদানে, স্বাগত জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দক্ষিণ সুদান সফরে গেছেন। সেনাবাহিনী প্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় ১.৩০টায় জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্সেস লে. জেনারেল সানটিনু দেং উলসহ দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান। পরে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্সেস লে. জেনারেল সানটিনু দেং উল। তিনি দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহের স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ও সে দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীকে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী হিসেবে উল্লেখ করে লে. জেনারেল সানটিনু দেং উল বলেন, বিশ্বের সংঘাতময় এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতায় দক্ষিণ সুদানে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। 

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন-উল্লাহ চৌধুরীসহ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সফররত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দক্ষিণ সুদানে পৌঁছালে দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ছবি:ইত্তেফাক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদানে এসেছেন। 

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। এছাড়া দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্সেস, ডেপুটি মিনিস্টার ও ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাবাহিনী প্রধান।

গতকাল বাংলাদেশ থেকে ছয় সদস্যের একটি মিডিয়া টিমও দক্ষিণ সুদানে এসেছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের এই সফরের মাধ্যমে দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতদের মনোবল উজ্জীবিত হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর সঙ্গে দক্ষিণ সুদানের সরকার ও সেনাবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

ইত্তেফাক/এএএম