প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেই রেকর্ডবুকে তোলপাড় করলেন সাকিবুল গনি। অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে মুখোমুখি হয় বিহার ও মিজোরাম। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৪১ রান করেন বিহারের গনি। ৪০৫ বলে সাজানো ইনিংসটিতে ৫৬টি চার ও ২ টি ছক্কা মেরেছেন তিনি। অভিষেক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি মারার রেকর্ডও এটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতের ঘরেই। তিন বছর আগে হায়দ্রাবাদের বিপক্ষে ২৬৭ রান করেছিলেন মধ্য প্রদেশের অজয় রোহেরা। প্রথম শ্রেণি ম্যাচ খেলার আগে লিস্ট এ ও টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল গনির।
