বাজারে সব জিনিসের দাম লাগামহীন হলেও আলুর দাম কমছে। গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম আরো কমেছে। বর্তমানে ১৭ কেজি আলুর বিক্রি করলে এক কেজি সয়াবিন তেল কেনার টাকা হয় বলে জানায় কৃষকরা। এতে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরলেও বিপাকে পড়েছেন আলু চাষিরা তারা। বাজারে দাম কম থাকায় কৃষকদের লোকসান হচ্ছে।
নিকলী উপজেলার পুরান বাজারে গিয়ে দেখা যায়, রাস্তায় বস্তা খুলে বিক্রেতারা হাঁক দিয়ে আলু বিক্রি করছেন। সিংপুর গ্রামের কৃষক কাবিল সর্দার বলেন, আলুর দাম খুবই কম। ১৭ কেজি আলু মাত্র ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক কেজি সয়াবিন তেলের দাম। সদর এলাকার বাসিন্দা মাসুক আলী ও মীর হোসেন বলেন, গত সপ্তাহে আট কেজি আলু ১০০ টাকায় বিক্রি হলেও আজ ১০ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
একই বাজারে রিকশাচালক নবী হোসেন বলেন, ‘এক কেজি তৈলের দামে ১৭ কেজি আলু পাওয়া যাইতেছে। অন্য শাক সবজির দামের তুলনায় আলুতো এখন পানির দামে বিক্রি হইতেছে। বাড়ির লোক জনরে কইছি বেশি বেশি আলু খাইতে। হেই জন্য ১০ কেজি লইয়া লইলাম।’
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, নিকলীতে এবার ৬২৫ একর জমিতে আলু চাষ হয়েছে। তবে বাজারে দাম কম থাকায় কৃষকদের লোকসান হচ্ছে।
