৯৯৯ নম্বরে কল

নিজের বিয়ে বন্ধ করলো শিক্ষার্থী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬

নওগাঁর রাণীনগরে জাতীয় জরুরী সেবা '৯৯৯' নম্বরে ফোন করে নিজের বাল্যবিয়ে নিজেই বন্ধ করলো ৯ম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া হটাতপাড়া গ্রামে গিয়ে পুলিশ এই বাল্যবিয়ে বন্ধ করে দেয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়গাছা ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার খাসগড় গ্রামের মিঠু মন্ডলের ছেলে রুহুল আমিনের (২২) সাথে একই ওয়ার্ড বড়িয়া হটাৎপাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) সাথে শুক্রবার বিয়ের অনুষ্ঠানিকতা চলছিলো। এ সময় ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ গিয়ে ওই বাল্যবিয়েটি বন্ধ করে দেয়।

থানার ওসি শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বড়িয়া হটাৎপাড়া গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে '৯৯৯' এর মাধ্যমে এমন সংবাদ জানতে পারে থানা পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আরাফাত