হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী এলাকায় সরকারি রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন। এদিকে বৃহস্পতিবার বিকালে সরকারি রাস্তা কাটার প্রতিবাদে স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে প্রশাসনের কাছে রাস্তা উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
জানা গেছে, উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের জাবারিয়া হাজিবাড়ি থেকে শহর উল্লার বাড়ি পর্যন্ত সরকারি ব্রিক সলিং রাস্তা উন্নয়নে এলজিইডি থেকে বরাদ্দ দেওয়া হয়। গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদের ইজিপি প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়নের কাজ করা হয়। ২০২১ সালের জুলাই মাসে রাস্তায় ব্রিক সলিংয়ের কাজ শুরু হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তা কেটে কাজ বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার সলিংয়ের কাজ সম্পন্ন হয়। গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ঐ ব্যক্তিরা আবার নতুন করে রাস্তা কেটে ব্রিক সলিং তুলে নেয় এবং ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গর্ত করে ফেলে। ফলে ঐ রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ইয়াহিয়া জানান, রাস্তা পুনরায় কেটে ফেলায় জনগণ চলাচল করতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, রাস্তা কাটার লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তা উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
