প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলছে পঙ্গু আক্কাস

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৩০

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামের শারীরিক প্রতিবন্ধী আক্কাস এখন সকলের কাছে দৃষ্টান্ত। প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলছে সে।

মাত্র চার বছর বয়সে যখন পঙ্গুত্ব বরণ করে। তখন শুধু পরিবার নয়, আশপাশের সবাই তাকে নিয়ে পড়েছিলেন চরম দুশ্চিন্তায়। কিন্তু এখন বাস্তবতা ঠিক তার উল্টো। নিজের যোগ্যতা দিয়ে আক্কাস বুঝিয়েছে সাধারণ মানুষের মতোই তার রয়েছে কর্মশক্তি। কৃষি কাজে এখন সে এতটাই সফল যা আর দশটা সাধারণ মানুষের চেয়ে অনেকাংশে বেশি। এ কারণে আক্কাস এখন মাগুরায় অনেকের কাছে রোল মডেল।

নালিয়াডাঙ্গি গ্রামের হতদরিদ্র আব্দুল আওয়াল খানের ছেলে সে। নিজেদের কোনো জমি না থাকায় অন্যের জমি ইজারা নিয়ে গত কয়েক বছরে চাষ করে তিন বিঘা জমি কিনেছেন। গরু রয়েছে ছয়টি। আক্কাস কুমড়া, পেঁয়াজসহ বিভিন্ন সবজির আবাদ করেছেন। যেখান থেকে প্রতি মৌসুমে মোটা অঙ্কের টাকা আয় করছেন।

আক্কাসের বাবা আব্দুল আওয়াল জানান, মাত্র চার বছর বয়সে আক্কাস পোলিওতে আক্রান্ত হয়ে যখন পঙ্গু হয়ে যায় খুব চিন্তায় পড়েছিলেন। এখন আক্কাসই তাদের খাওয়া-পড়ার দায়িত্ব পালন করছে।