বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সর্বশেষ আপডেট, যা জানা জরুরি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৬

বিপিএল শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আবহে প্রবেশ করছে বাংলাদেশের ক্রিকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেই গতকাল শুক্রবার বিপিএলের অষ্টম আসরের ফাইনাল উপভোগ করেছেন রঙ্গনা হেরাথ। জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে বসে খেলা দেখেছেন বাংলাদেশের স্পিন কোচ। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল জানা গেছে, আজ (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ঢাকায় আসবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল রবিবার চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। অবশ্য আজই সিরিজের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে যাওয়ার কথা রয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

আজ ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। তার পরই সবাই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। কয়েক দিন আগে করোনা পজিটিভ হওয়া ব্যাটিং কোচ জেমি সিডন্সও আজ করোনা পরীক্ষার নমুনা দেবেন। নেগেটিভ রিপোর্ট পেলে তিনিও দলের সঙ্গে যোগ দেবেন।

হোম সিরিজে টাইগারদের বোলিং কোচ হয়ে কাজ করার কথা ছিল চম্পকা রমানায়েকের। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। লঙ্কান এই কোচ আসবেন ২৩ ফেব্রুয়ারি। তিনি পেসারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করবেন মিরপুরে। তাই টাইগার শিবিরে থাকবেন না চম্পাকা। এদিকে, আজই সিলেট থেকে চট্টগ্রামে গিয়েছে আফগানরা। সকাল ৯টার ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে বিমানে চড়ে অতিথি দল। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে তারা।

পাকিস্তানে পিএসএল মিশন শেষে আজই বাংলাদেশে আসছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানউল্লাহ গুরবাজ। জানা গেছে, সরাসরি চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তারা। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সাগরিকায় ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। পরে মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচের টি-২০ সিরিজ।

ইত্তেফাক/টিএ