চবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার, লাগবে টিকা সনদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস-পরীক্ষা। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস সশরীরে চালুর পাশাপাশি সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

এতে আরও বলা হয়, ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সভা ব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এবং ক্লাসের ক্ষেত্রে শিক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখতে হবে।

এর আগে, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইত্তেফাক/এসটিএম