বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পূজা নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য হতে ১৩টি অনুষদের ১৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার মধ্যে কলা ও মানবিক অধিক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন জাবি শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা। পূজা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।
এছাড়া তালিকার মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের থেকে ১ জন, ঢাকা মেডিকেল কলেজ থেকে১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন ১ জন।
বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হওয়ায় প্রীথুলা প্রসূন পূজা বলেন, 'প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই অসাধারণ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অকুন্ঠচিত্তে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এ পুরষ্কারের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতার সঠিক বিচারের জন্য একাডেমিক সাফল্যের পাশাপাশি এখানে সকলের শিক্ষা সহায়ক কর্মকান্ডের অভিজ্ঞতা, স্ব-স্ব ক্ষেত্রের দক্ষতা ও সাফল্যকেও বিবেচনা করা হয়েছে। যার ফলে শুধু শিক্ষার্থী হিসেবেই নয়, সত্যিকারের সোনার মানুষ হবার পথে শিক্ষার্থীরা কতদূর অগ্রসর হয়েছে বা হচ্ছে সেদিকেও সমান নজর রাখা হয়েছে।'
তিনি আরও বলেন, 'দেশের খ্যাতনামা সকল প্রতিষ্ঠান হতে নির্বাচিত ১৩ জনের এক জন হতে পারা অবশ্যই ভীষণ আনন্দের। এছাড়া বিশেষতই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রদেয় বঙ্গবন্ধু স্কলার এ অভিষিক্ত হতে পারা আমার কাছে যেমন গৌরবের তেমনি দেশ ও জাতির জন্য কিছু করতে পারার এক অতুলনীয় অনুপ্রেরণা।'
