টেস্টের অধিনায়কও রোহিত শর্মা, বাদ রাহানে-পূজারা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৫

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর থেকেই আলোচনায় সাদা পোশাকে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন কে। কেউ বলছিল, টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এই ফরম্যাটের নেতৃত্বও রোহিত শর্মাকে দেওয়া হোক। আবার কারো পরামর্শ ছিল, ভবিষ্যতের কথা বিবেচনা করে উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্টকে এই দায়িত্ব দেওয়া হোক।

অবশেষে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাদা বলের পাশাপাশি লাল বলেও এখন থেকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্টে তার ডেপুটির ভূমিকা পালন করবেন পেসার জাসপ্রিত বুমরা।

আর কয়েকদিন পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই উপলক্ষে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দলে জায়গা পাননি দুই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে। তাদের বাদ দেওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। এবার সেটি সত্যি হলো।

একনজরে ভারতের টেস্ট দল

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিল, রিশাভ পান্ট (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।

ইত্তেফাক/টিএ