নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৩১

নড়াইল প্রতিনিধি 

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম ডাবলু শেখ। তিনি ২০১২ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে আসেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার শালিখা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ডাবলু গ্রুপ ও বিদ্যুত্ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ঘটনার সময় শালিখা বাজারের একটি দোকানে টিভি দেখার সময় ডাবলু শেখের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ডাবলু শেখের হাত, ঘাড় ও বুকে কুপিয়ে তাকে হত্যা করা হয়। নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।