তালায় শনিবার সকালে আমগাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আছিয়া খাতুন (৩৩)। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে। আছিয়া স্বামী পরিত্যক্ত হয়ে দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলেন।
তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আছিয়া খাতুনের লাশ বাড়ির পাশের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। লাশের সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়ার কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যক্ত হয়। শনিবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
