বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমে শক্তিশালী প্রতিবেদনের মধ্যমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১: বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস’ শীর্ষক পুরস্কার পেয়েছেন ৯ সাংবাদিক। রবিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় এই মিডিয়া অ্যাওয়ার্ডটি আয়োজন করা হয়। বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ।
আঞ্চলিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম (এস এ টিভি), শাকিল মুরাদ (একাত্তর টিভি), সফি খান (প্রথম আলো) ও মাসুদুর রহমান (আজকের পত্রিকা)।
জাতীয় ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন), নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), সাজ্জাদ পারভেজ (যমুনা টিভি), নাজনীন আখতার (প্রথম আলো) ও জাহাঙ্গীর আলম (জাগো নিউজ ২৪)।
মেহের আফরোজ চুমকি বলেন, উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি দেশকে যথাযথভাবে উন্নত করতে হলে জোর দিতে হবে সামাজিক উন্নয়নের দিকেও। বাল্যবিয়ে এই পথে অন্যতম প্রধান অন্তরায়। বাংলাদেশকে বাল্যবিয়ে মুক্ত করতে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অনেকটা পথ এগোলেও করোনা আমাদের সামনে নিয়ে এসেছে নতুন চ্যালেঞ্জ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শাহনাজ খুশি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালক (গার্লস রাইটস) কাশফিয়া ফিরোজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক জ ই মামুন, হেড অব সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন আশিক বিল্লাহ ও প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী।
