একুশের আলপনায় সেজেছে জবি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১১

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলপনায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়। রাতের অন্ধকারকে দূর করে এ সকল লাল-নীল-সবুজ বাতির আলোয় জ্বলজ্বল করছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের চারপাশ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ৬ টি সাংস্কৃতিক সংগঠন 'চেতনায় একুশ' শিরোনামে একুশের প্রথম প্রহর উদযাপন করবে। আবৃত্তি সংসদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে এ অনুষ্ঠান করা হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি, উদীচী শিল্পগোষ্ঠী জবি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি (জবিরঙ্গ),‌ মুক্তমঞ্চ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রধান আলোচক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাকবেন মুহাম্মদ কামরুল ইসলাম জুয়েল এবং সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

অনুষ্ঠানের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিন বলেন, যে শহীদদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষা, তাদের স্মরণ ও সম্মান করতে প্রতিবছরই আমরা একুশের অনুষ্ঠান করে থাকি। এবার ৬টি সংগঠন একসাথে অনুষ্ঠান করছে।

জবি সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ভুঁইয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবারই নানা আয়োজনে অমর একুশে উদযাপন করে আসছে। বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা আলপনার তুলিতে বিশ্ববিদ্যালয়কে সাজিয়ে তুলেছে। তাছাড়া একুশের প্রথম প্রহর উদযাপনে সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা ভাষা শহীদের স্মরণ করবে।

ইত্তেফাক/এসটিএম