হবিগঞ্জে ডায়রিয়া নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব বাড়ছে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৪৪

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সঙ্গে আছে অসহনীয় বিদ্যুত্ বিভ্রাট। এ অবস্থায় প্রচণ্ড গরমের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মাঝে নানা রোগবালাই দেখা দিচ্ছে। গত কয়েকদিনে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জন সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, গত প্রায় ৫ দিন ধরে হঠাত্ করেই তাপমাত্রা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। এ অবস্থায় অসহনীয় গরমে নানা রোগবালাই দেখা দিচ্ছে। এ গরমে বিশুদ্ধ পানি পান না করার কারণেই ডায়রিয়াসহ এমন রোগবালাই দেখা দিচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ১৫ জন শিশু ডায়রিয়া ও ১৬ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও নানা বয়সী আরও অন্তত ২০ জন এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিন সকাল থেকেই নানা বয়সী লোকজন এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা নিতে ভিড় করে।

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, এমন অসহনীয় গরমে বিশুদ্ধ পানি পান না করার কারণে ডায়রিয়াসহ রোগবালাই হচ্ছে। গরমে সুস্থ থাকতে লেবুর শরবত, ডাবের পানি বেশি বেশি পান করার পরামর্শ দেন তিনি।