কানাডায় প্রথম বারের মতো স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮

কানাডায় প্রথম বারের মতো স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাঙালিরা। স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে শীত, স্নো উপেক্ষা করে সর্ব স্তরের প্রবাসী বাঙালিরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টরন্টোস্থ ডেনটনিয়া পার্কে নির্মিত স্থায়ী শহীদ মিনারে একের পর এক ফুলের তোড়া দিয়ে আবেগঘন পরিবেশে শ্রদ্ধা নিবেদন করে। এই কর্মসূচি চলে প্রায় ঘণ্টা খানেক।

এ সময় টরন্টো মেয়র জন টরির পক্ষ থেকেও পুষ্প স্তবক অর্পণ করা হয়। তারপর বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সংস্থা স্বতঃস্ফূর্ত ভাবে পুস্পার্ঘ অর্পণ করে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। ফলে ফুলে ফুলে ছেয়ে যায় পুরো শহীদ মিনার। এসময় কণ্ঠে কণ্ঠে ভেসে উঠে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!

প্রথম বারের মতো শান্তিপূর্ণ পরিবেশে সর্বজনীন একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, টরন্টো ২০২২ এই আয়োজন করে।

অপর দিকে, আজ সোমবার স্থানীয় সময় সকালে ১১টায় পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক্‌’ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে টরেন্টো সিটি মেয়র জন টরি, কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, কাউন্সিলর গ্যারী ক্রফোর্ড, এমপিপি ডলি বেগম, এমপিপি রিমা বার্ন্স ম্যাগুয়ান, এমপি নাথানিয়াল আরস্কিন, কন্সাল জেনারেল অব বাংলাদেশ লুৎফর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছরে চেষ্টার ফলে টরন্টোস্থ শহীদ মিনার গত বছর ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সিটি কর্তৃপক্ষকে হস্তান্তর করে এবং সেই সাথে শহীদ মিনারের স্মারকলিপি উন্মোচন করা হয়।

প্রায় একই সময়ে ইউনিপেগে দ্বিতীয় শহীদ মিনার উদ্বোধন করা হলো গত ১২ অক্টোবর ২০২১ সালে। স্থানীয় কির্কব্রিজ পার্কের মনোরম পরিবেশে ম্যানিটোবা বাংলাদেশ ভবনের উদ্যোগে গত তিন বছরের প্রচেষ্টায় বাংলাদেশিদের এক ঐতিহাসিক অর্জন বাস্তবায়ন হয়। আজ সেই শহীদ মিনারেও প্রথম বারের মতো পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসটি পালন করে হয়।

বহু বহুসংস্কৃতির দেশ কানাডার বিভিন্ন প্রদেশ এবং বিভিন্ন শহর থেকে মহান শহীদ দিবস এবং ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর পাওয়া যাচ্ছে।

যেমন ভ্যাংকুভারে ‘Mother Language Lovers of the World Society’ উদ্যোগে একুশ উদযাপন হতে যাচ্ছে। সেখানে শুভেচ্ছা জানিয়েছেন বৃটিশ কলম্বিয়ার লেফটেন্যান্ট গভর্নর, প্রিমিয়ার এবং সিনেটর।

উল্লেখ্য, এই ভ্যাংকুভার থেকেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের প্রচেষ্টায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ স্বীকৃতি অর্জন করে।

কানাডাস্থ বাংলাদেশ দূতাবাস ইত্তেফাককে জানিয়েছে, হাইকমিশনের উদ্যোগে স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভার্চুয়ালই ভাবে দিবসটির কর্মসূচি নিয়েছে। এতে অংশ নিবেন সাংবাদিক শাহরিয়ার কবির, কথাশিল্পী সেলিনা হোসেন, অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মোস্তাফা এবং হাই কমিশনার ড খলিলুর রহমান।

 

ইত্তেফাক/ আরাফাত