সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে-মেয়েসহ তিন বাংলাদেশি নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৩

সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের কর্তা ও অপর এক ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার তৃতীয় মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে তানিয়া, তার স্বামী এবং তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেটকারটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তানিয়া, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা নিহত হন। গুরুতর আহত হন শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাদের প্রাইভেটকারকে পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হন। আহত ভগ্নিপতি ও বড় ভাগ্নে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

ইত্তেফাক/এএইচপি