‘ই-বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে সমিতি’র সদস্যদের অংশগ্রহণে ‘ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

১৯ ফেব্রুয়ারি শনিবার এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, বিশ্বব্যাপী ইলেক্ট্রনিক এবং ইলেকট্রিক্যাল বর্জ্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনায় এখন থেকে উদ্যোগ নিতে হবে। সরকারকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য আজকের এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ। বিসিএস সমসাময়িক বিষয়গুলো সদস্যদের জানাতে প্রতিনিয়ত কর্মশালার আয়োজন চলমান রাখবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ পরিচালক (পরিকল্পনা) প্রকৗশলী মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, ই-বর্জ্যের কারণে বর্জ্য প্রবাহ বেড়ে চলেছে। গবেষণা মতে, ২০২৫ এ ই-বর্জ্যের পরিমাণ হবে ৬৫.৩ মিলিয়ন টন এবং ২০৩৫ পর্যন্ত হবে ৭৪.৭ মিলিয়ন টন।

তিনি আরও বলেন, প্রতিবছর ২০ শতাংশ হারে ই-বর্জ্য বেড়ে চলেছে। ই-ওয়েস্ট ব্যবস্থাপনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যেসব বৈদ্যুতিক পণ্য বা যন্ত্রাংশ পুনরায় ব্যবহারের সুযোগ রয়েছে তা প্রক্রিয়াজাত করে আবার নতুন করে আবার ব্যবহার উপযোগী করা হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা মতে, ২০২১ এ দেশে ই-বর্জ্যের পরিমাণ .৫ মিলিয়ন টন যা ২০ শতাংশ হারে প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

ইত্তেফাক/এমআর