রাজধানীর মিরপুর পল্লবী লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে ছুরিকাঘাত করে রায়হান (২৬) নামের এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
জানা গেছে, গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর ১১ নম্বর সেকশন লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
রায়হান মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড গ্রামের গাড়ি চালক রাজু মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর ১১নম্বর থাকতেন। এবং মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, রায়হানের বাবা রাজু মিয়া অভিযোগ করেছেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার ছেলে মারা গেছেন। কিন্তু আমরা ভিডিও ফুটেজ দেখেছি। সেই ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ হতে পারে। সেখানে দেখা যায়- একজন যুবক ছুড়ি নিয়ে এসে রায়হানের পেটে আঘাত করে চলে যায়। রায়হানের লাশ থেকে মানিব্যাগ ও মোবাইল কিছুই পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
